সাভারে চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৩ জন গ্রেপ্তার
- Update Time : ০৩:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 1
ঢাকার সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক মো. ইমরান (৩৫), তার সহকারী মো. মুসফেকুর রহমান জনি (২০) এবং চালকের পরিচিত মো. সুমন প্রামাণিক (৩০)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে নবীনগরের উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। নবীনগরের কাছে পৌঁছালে চালক ইমরান বাসের দায়িত্ব সহকারী জনির কাছে দিয়ে দেন। এরপর জনি ওই নারীর সঙ্গে থাকা রুবেল নামে এক ব্যক্তিকে মারধর করে বাস থেকে নামিয়ে দেন।
অভিযোগ অনুযায়ী, এরপর জনি ও সুমন চলন্ত বাসে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাসটি থামিয়ে নারীকে উদ্ধার করে এবং জনি ও সুমনকে আটক করে।
ঘটনার পর ভুক্তভোগী নারী মামলা দায়ের করেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাসচালক ইমরানকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।





















