সাবেক উপাচার্য কলিমউল্লাহর জামিননামা দাখিল, কারামুক্তিতে বাধা নেই
- Update Time : ০১:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 4
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর জামিননামা দাখিল করা হয়েছে। তার আইনজীবীরা জানিয়েছেন, এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্ত পূরণ করায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
সোমবার (২৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালত শুনানি শেষে জামিননামা দাখিলের অনুমতি দেন। কলিমউল্লাহর আইনজীবী মহসিন রেজা জানান, গত ১৪ জুন উচ্চ আদালত তাকে জামিন দেন। সেই আদেশ অনুযায়ী জামিননামা দাখিল করা হয়েছে।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামির হাজিরার দিন ধার্য ছিল। এ কারণে কলিমউল্লাহকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
গত বছর ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কলিমউল্লাহকে গ্রেপ্তার করে। ওই দিনই তার জামিন আবেদন নাকচ করে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ১৮ জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার এজাহারে আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হন।




















