টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারাল
- Update Time : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 1
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চলতি এইচএসসি পরীক্ষার ২১ জন শিক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক মোজাম্মেল হোসেনকে বরখাস্ত করা হয়েছে।
গত শনিবার (২৫ জুলাই) ঢাকা বোর্ডের আওতায় অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে। কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকরা পরীক্ষার উত্তরপত্র এবং সৃজনশীল উত্তরপত্রের তিন খন্ড ওএমআর শিট পরীক্ষা কমিটির কাছে বুঝিয়ে দেন।
কেন্দ্রের ভারপাপ্ত কর্মকর্তা মো. মানিকুজ্জামান জানান, পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর মোজাম্মেল হোসেন পরীক্ষার উত্তরপত্র এবং ওএমআর শিট পৃথক প্যাকেটে সিলগালা করে রিকশাযোগে স্থানীয় ডাকঘরে পার্সেলের জন্য যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান উত্তরপত্রের প্রথম অংশের ওএমআর শিট হারিয়ে গেছে। বিষয়টি ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানানো হয়েছে।
ওএমআর শিটের দ্বিতীয় ও তৃতীয় অংশ খাতার সঙ্গে থাকায় এবং শিক্ষার্থী হাজিরা শিটে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার থাকায় পরীক্ষকের দ্বারা খাতা মূল্যায়নে কোনো অসুবিধা হবে না বলে তিনি দাবি করেন।
এদিকে ওএমআর শিটের প্রথম অংশ হারিয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তার ছাপ পড়ে। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ সোমবার দুপুরে গোপালপুর সরকারি কলেজে ছুটে যান। তিনি জানান, কর্তব্য কাজে অবহেলার অভিযোগে মোজাম্মেল হোসেনকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




















