পাওনা টাকার জেরে চা বিক্রেতাকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
- Update Time : ০২:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 3
মাদারীপুরের রাজৈর উপজেলার শ্বশুরবাড়ি থেকে চা বিক্রেতা সামিরুল শাহ (৬০) হত্যা মামলার প্রধান আসামি মুন্টু হোসেন (৫০) গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে, পূর্বের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ফোন করে ডেকে নিয়ে সামিরুলকে হত্যা করা হয়।
রোববার দুপুরে মাদারীপুর জেলা পুলিশের সহযোগিতায় দৌলতপুর থানার পুলিশ মুন্টুকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধার করা হয়। মুন্টু তারাগুনিয়া থানামোড় এলাকার মকসেদ মিস্ত্রির ছেলে।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সামিরুল শাহকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর ছুরিটি ঘটনাস্থল থেকে কিছু দূরে ফেলে রাখা হয়।
নিহত সামিরুল শাহ তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দৌলতপুরের তেকালা গ্রামে বসবাস করে আসছেন। নিহতের বড় ছেলে আবু সাঈদ শুক্রবার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
















